প্রচ্ছদ

পারাপার পত্রিকা : তৃতীয় বর্ষ প্রথম সংখ্যা


জলের গল্প বড় বালাই, সে ছাড়া জীবন চলে না। জল জীবন, জীবন জল – সেই জীবনের আখ্যান। সপ্তডিঙা মধুকরও আছে, আবার আছে বড় কাছিমের গল্প, গজার মাছের গল্প। কখনও সেই জলজঙ্গলের দ্যাশ ছেড়ে রুখামাটির দেশে নির্বাসন। নির্বাসন, পুনর্বাসন, ফেলে আসা ঘরবাড়ি, সুবর্ণরেখা, কোমল গান্ধার, মেঘে ঢাকা তারা। নবগঙ্গা থেকে আদিগঙ্গা, চলে ভুইফোঁড়দের সুলুক সন্ধান। কখনও এক সমুদ্দুর পেরিয়ে সুদূর দ্বীপান্তরে বসতি। চরৈবেতি। আবার ভাষানদীর স্তন্যদায়ি সেই সব উপনদীদের সঙ্গে পরিচয়। এরকম নানাবিধ জীবনের গল্প নিয়ে হাজির পারাপার পত্রিকা-র তৃতীয় বছরের প্রথম সংখ্যা।


জার্নাল ১৯৪৭


আমাদের মাঝে এমন অনেক মানুষ আছেন যাঁরা চোখের সামনে দেশ ভাগ হতে দেখেছেন। হয়তো, মাইলের পর মাইল জুড়ে সরীসৃপাকার উদ্বাস্তু মানুষের কাফিলায় হঁেটেছেন। ভিটেমাটি থেকে উৎখাত হয়ে শহরে-মফস্বলে-গ্রামে-গঞ্জে-স্টেশনে-রাস্তায় অস্থায়ী ছাউনিতে করেছেন ঠিকানার সন্ধান। তেতাল্লিশের মন্বন্তর, ছেচল্লিশের কলকাতা-নোয়াখালি, ষাটের দশকের ঢাকা-নারায়ণগঞ্জ বা একাত্তরের দিনগুলির টাটকা স্মৃতি হয়তো তাঁরা এখনো বুকে নিয়ে বেড়ান। ঔপনিবেশিক যুগ পেরিয়ে স্বাধীনতার সিংহদরজায় যে চরম মূল্য চুকিয়েছিলেন এপার-ওপারের সাধারণ মানুষ, ইতিহাসের বইতে সেই সব হাসিকান্নার গল্পের জায়গা হয়নি, অথচ সেগুলি বাদ দিয়ে কিসেরই বা ইতিহাস? দেশভাগের টুকরো টুকরো ব্যাক্তিগত আখ্যানের এপার ওপার নিয়ে জার্নাল ১৯৪৭। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর জবানবন্দী, সাক্ষাৎকার, স্মৃতিচারণার মধ্যে আমরা খুঁজে নেব দেশভাগের অভিজ্ঞতাকে।


তেভাগা আর্কাইভ


১৯৪৬-৪৭-এ দিনাজপুর-রংপুর-জলপাইগুড়ি-ময়মনসিংহ-যশোর-খুলনা-মেদিনীপুর-দক্ষিণবঙ্গ-সুন্দরবন থেকে দাবানলের মতো তেভাগার দাবি ও লড়াই ছড়িয়ে পড়ে সারা বাংলায়। এদেশের মানুষের বেঁচে থাকার লড়াইয়ের এক জ্যোতির্ময় অধ্যায় তেভাগা আন্দোলন। আজ, অর্ধেক শতাব্দীর বেশি সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর, হয়তো শুধু সোমনাথ হোরের ছবিতে, সলিল চৌধুরীর গানে, আখতারুজ্জামানের উপকথায় আমরা সেই জনজাগরণের লোকস্মৃতি খুঁজে পাই, কিন্তু নির্দ্বিধায় বলা যায় যে এই মুহূর্তেও এ দেশের কৃষিজীবী মানুষের নিজের জমি আর ভূমিজ ফসলের ওপর যে অধিকার রয়েছে তার দৃঢ়তার পিছনে এক ঋজু স্তম্ভ তেভাগা আন্দোলন। সেই আন্দোলনের ইতিহাস নিয়ে পারাপারের তেভাগা আর্কাইভ। খুব ধীরে ধীরে হলেও এই আর্কাইভটিতে নিয়মিত ব্যবধানে যোগ হয়ে চলেছে তেভাগা আন্দোলন সম্পর্কিত দলিল, দস্তাবেজ, প্রবন্ধাদি।


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

Gravatar
WordPress.com Logo

Please log in to WordPress.com to post a comment to your blog.

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s